বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আমরা দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িক রাজনীতির ধারায় ফিরে যাব নাকি উন্নতি সমৃদ্ধির দিকে যাব সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। তবে আমি বলব মন্দের ভালো হিসেবে আমরা বর্তমান সরকারকেই বেছে নেব। আমি জানি এ কথা বললে নারায়ণগঞ্জের মানুষ লাফ দিয়ে উঠবে। কারণ নারায়ণগঞ্জে শামীম ওসমান, সেলিম ওসমানরা রয়েছেন।
শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের টার্গেট ছিল দেশে প্রতিবছর ১০ লাখ পর্যটককে নিয়ে আসার। আমরা আমন্ত্রণও জানিয়েছিলাম। কারণ একজন পর্যটক আসা মানে অনেক লোকের কর্মসংস্থান হওয়া। কিন্তু দেশে একের পর এক ব্লগার হত্যা, বিদেশি হত্যার পরে হলি আর্টিজানে জঙ্গি হামলায় বিদেশি হত্যার কারণে বাংলাদেশে পর্যটক আসা বন্ধ হয়ে গেল। জঙ্গিবাদের কারণে আজকে লিবিয়া, সিরিয়া, মিশর, আফগানিস্তানের কী অবস্থা আপনারা দেখছেন। আইএসের কারণে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বাংলাদেশের প্রবাসী শ্রমবাজার বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। এখন অবস্থা সময়ের এক ফোঁড়ের। তাই আমাদের ২১ দফা কর্মসূচি নিয়ে জনগণের দোড়গোড়ায় যেতে হবে। আওয়ামী লীগ বলছে বর্তমান সরকার বার বার দরকার। আর বেগম জিয়া বলছেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বলছি আজকে গণতান্ত্রিক যাত্রা ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শুরু হয়েছে।
রাশেদ খান মেনন বলেন, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া দেশ উন্নতির শিখরে পৌঁছলেও লাভ নেই। আগে দেশে হাজার কোটি টাকার বাজেট হতো এখন লাখ-কোটি টাকা ছাড়িয়েছে। মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। গড় আয়ুষ্কাল বেড়েছে। শিশু মৃত্যুর হার মাতৃমৃত্যুর হার কমেছে। আগে আমরা ৭ কোটি মানুষের ভরণ-পোষণ দিতে পারতাম না। চুয়াত্তরের দুর্ভিক্ষে ছয় লাখের অধিক মানুষ মারা গিয়েছিল। আজকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
মন্ত্রী বলেন বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। দেশে বর্তমানে এক লাখ ২৪ হাজার কোটিপতি রয়েছে। দারিদ্র্য সীমাও কমে ২৩ ভাগে এসেছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাংশু সাহার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নেতা জাকির হোসেন, মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরউজ্জামান কনক, সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব প্রমুখ।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস