দেশজুড়ে

গৃহবধূকে বালিশচাপা ও নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা

নারায়ণগঞ্জে রূপগঞ্জে পৃথক স্থানে যৌতুকের দাবিতে আফসানা বেগম নামে এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুলসুমা আক্তার নামে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাখালী ও তেতলাবো এলাকা থেকে গৃহবধূসহ ওই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নারী শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত কুলসুমা আক্তার চাঁদপুর জেলার সদর উপজেলার বহরিয়া এলাকার আমির হোসেনের মেয়ে। তিনি তেতলাবো এলাকার অলিউল্লাহ মিয়ার বাড়িতে বসবাস করে স্থানীয় ইউনাইটেড মেলামাইন কারখানার শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। এছাড়া আফসানা বেগম উপজেলার নাওড়া এলাকার আশোক আলীর মেয়ে।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সকালে ইছাখালী এলাকায় বসতঘরে আফসানা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে, তেতলাবো এলাকার ইউনাইটেড মেলামাইন কারখানার পাশের একটি ডোবায় নারী শ্রমিক কুলসুমার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দুটি মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। দুই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে বলেও জানান ওসি।

মীর আব্দুল আলীম/এএম/আইআই