দেশজুড়ে

৬ কেজি গাঁজা হয়ে গেল ৪শ’ গ্রাম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী ফাঁড়ি পুলিশের এসআই রাকিব গাঁজা উদ্ধার করে দেখালেন কারিশমা। ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করলেও ৮০ হাজার টাকার বিনিময়ে সেই গাঁজা হয়ে গেলো ৪০০ গ্রাম।

মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়ার কথা থাকলেও ঘটনাটি মিডিয়াকর্মীরা জানার কারণে মামলা দিতে বাধ্য হয়েছেন এসআই। তবে উদ্ধার ৬ কেজি গাঁজার পরিবর্তে মামলা উল্লেখ করা হয়, ৪০০ গ্রাম গাঁজার।

বুধবার উপজেলার আড়াইহাজার গোপালদী ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিব উদ্দিন এ ঘটনা ঘটনার সূত্রপাত ঘটান বলে ভুক্তভোগীর পরিবার জানায়।

গ্রেফতার নজরুল ইসলাম গোপালদী পৌরসভার দাইরাদী এলাকার সাত্তারের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকাবাসী ও গ্রেফতারকৃত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এসআই রাকিবের নেতৃত্বে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর এসআই রাকিবের সঙ্গে যোগাযোগ করে নজরুলের লোকজন। তাকে ছেড়ে দেয়ার জন্য দেন দরবার শুরু করে। রাতেই মাদক ব্যবসায়ী নজরুলকে ছেড়ে দেয়ার কথা বলে এসআই রাকিব দেড় লাখ টাকা দাবি করে।

দফায় দফায় দেন দরবার শেষে এসআই রাকিব নজরুলকে ছেড়ে দেবে শর্তে ৮০ হাজার টাকায় রফাদফা হয়। পরে নজরুলের লোকজন এসআই রাকিবের হাতে ৮০ হাজার টাকা তুলে দেয়।

কিন্তু মাদক ব্যবসায়ী নজরুল ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে ঘটনাটি মিডিয়াকর্মীসহ বিভিন্ন মহলে জানাজানি হলে পুলিশের এসআই রাকিব কৌশশে ৬ কেজি গাঁজার পরিবর্তে ৪০০ গ্রাম গাঁজা দিয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

তবে নজরুলকে ছেড়ে দেয়ার শর্তে ৮০ হাজার টাকা দেয়ার পরও কেন তাকে ছেড়ে দেয়নি তা নিয়ে নজরুলের স্বজনদের সঙ্গে এসআই রাকিবের বাকবিতণ্ডা হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ আব্দুল হক জানান, ৬ কেজি গাঁজা উদ্ধারসহ ৮০ হাজার টাকার বিষয়টি জানা নেই। এসআই রাকিব ৪০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তবে এসআই রাকিবের বিরুদ্ধে যদি ৬ কেজি গাঁজা উদ্ধার ও ৮০ হাজার টাকা নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হয় তাহলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম