নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বহনকারী গাড়ির চাকার নাট খুলে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
তবে মেয়র আইভীর গাড়ির চাকার নাট খুলে যাওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের সর্বমহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এমনকি ঘটনাটি ভিন্নভাবে ভাবতে শুরু করছেন।
বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আর তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক জানান, গত ২ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের জানাজার আগে শেষ শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ থেকে নিজের সরকারি গাড়িতে যাচ্ছিলেন মেয়র আইভী।
বনানী সিগন্যাল এলাকায় শব্দ শুনতে পেয়ে চালক সড়কের পাশে গাড়িটি থামান। গাড়ি থামিয়ে চেক করে দেখতে পান বাম পাশের চাকার ছয়টি নাটের মধ্যে তিনটি নাই। আর যে তিনটি নাট আছে সেটিও খুলে যায়।
ওই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটির অপর সদস্যরা হলেন- সিটি করপোরেশনের সহকারী সচিব আবুল বাশার, মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন ও সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত (যান্ত্রিক) রাশেদ মোল্লা।
গাড়ির চাকার নাট খুলে যাওয়ার ঘটনায় এর আগে মেয়র আইভী জানিয়েছিলেন, গাড়ির একসঙ্গে একটি চাকার ছয়টি নাট খুলে যাওয়া অস্বাভাবিক। বিষয়টি শঙ্কার। গাড়িটি চালাচ্ছিলেন ড্রাইভার বিল্লাল হোসেন। তবে গাড়ির চালকের ওপর মেয়র আইভীর আস্থা আছে বলেও তিনি জানিয়েছিলেন।
মো: শাহাদাত হোসেন/এএম/আইআই