দেশজুড়ে

কেটে গেছে নিম্নচাপ, ফিরছে পর্যটকবাহী জাহাজ

সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের মাঝে স্বস্তি ফিরেছে। নিম্নচাপ কেটে যাওয়ায় সোমবার দুপুরে দ্বীপে পৌঁছেছে পর্যটকবাহী জাহাজগুলো। ফলে অতিরিক্ত চারদিন উৎকণ্ঠায় আটকে থাকা পর্যটকদের সমতলে ফিরে আসার সম্ভাবনা জাগায় উৎফুল্লতা দেখা দিয়েছে তাদের মাঝে। বিকেলে ফিরতি জাহাজে টেকনাফ ফিরে আসার প্রহর গুনছেন তারা।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফস্থ পরিচালক শাহ আলম জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সতর্ক সংকেত চলমান থাকায় গত শুক্রবার থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। ফলে এর আগের দিন সেন্টমার্টিন গিয়ে থেকে যাওয়া প্রায় ৭০০ পর্যটক সেখানে আটকা পড়েন। নিম্নচাপ কেটে যাওয়ায় সোমবার সকালে পূর্ব নিয়মে পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন গেছে। নিয়মানুসারে বিকেলে পর্যটক নিয়ে ফিরে আসবে জাহাজগুলো। এতে বৈরি আবহাওয়ায় আটকে থাকা পর্যটকদেরও ফিরিয়ে নিয়ে আসা হবে।

এদিকে, বৈরি আবহাওয়ায় আটকে থাকা প্রায় ৭০০ পর্যটকের মাঝে দুইশজন জীবনের ঝুঁকি নিয়ে কাঠের ট্রলারে রোববার টেকনাফে ফিরে আসেন। ওইদিন বেলা ১টার দিকে তাঁরা পাঁচটি ট্রলারে টেকনাফের ঘাটে পৌঁছান।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হয়। কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় সাগর ছিল উত্তাল। ফলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে সেন্টমার্টিন দ্বীপে রাত্রীযাপনে থেকে যাওয়া প্রায় ৭০০ পর্যটক আটকা পড়েন।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসেবে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।

সোমবার সকাল ১০টা থেকে পূর্বের দেয়া সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত থাকায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। সোমবার বেলা ১২টা পর্যন্ত কক্সবাজারে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের মতে, কয়েকদিন পর থেকে রাতে শীতের তীব্রতা বাড়বে। চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে দেশের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এ সময় শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, চলমান সতর্ক সংকেত তুলে নেয়া হয়েছে। বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় সোমবার পূর্ব নিয়মে পর্যটকবাহী জাহাজগুলো দ্বীপে এসেছে। এতে সেন্টমার্টিনে পর্যটক সমাগম আবার আগের মতো বেড়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক বলেন, আবহাওয়ায় স্বাভাবিকতা ফিরেছে। সেন্টমার্টিনে গেছে পর্যটকবাহী জাহাজ। এতে নতুনদের সঙ্গে বৈরি আবহাওয়ায় আটকে থাকারাও ফিরে আসতে পারবেন।

সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম