দেশজুড়ে

১৪ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১৪ নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার সকাল ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে এদের ফেরত দেওয়া হয়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, যশোরের তাইজুল ইসলামের ছেলে ইমান আলী (২৪), মেহের গাজীর স্ত্রী মুসলিম বেগম (২৬), নড়াইলের জয়নাল খন্দকারের স্ত্রী শিলা বেগম (২৫), জাকির হোসেনের ছেলে আতিকুর রহমান (২২), আশরাফের ছেলে তৌহিদুর (২৩), কুষ্টিয়ার কাদের আলীর ছেলে রিন্টু মিয়া (১৮), ভিকু আলীর ছেলে শরীফ আলী (৩০), পরান আলীর ছেলে নজরুল ইসলাম (২৮), তোজাম সরদারের ছেলে ফেরদৌস (২৬) ও জুয়েল (১৯), তিলুর ছেলে ওহাব (৩২), গোপালগঞ্জের দিলীপ ঢালির ছেলে দেবাশিষ (২৩), মসলেম শেখের ছেলে জুয়েল (১৯) ও মাদারীপুরের দেবেন্দ্র নাথের ছেলে রাবিনাথ (৫০)। যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার পর এরা বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ বিজিবি‘র সাথে আলোচনা করে এদের দেশে ফেরত পাঠায়। অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে এদেরকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই ১৪ জনকে দুপুর ২টার দিকে যশোর আদালতে পাঠানো হয়েছে। মো. জামাল হোসেন/এসএস/আরআইপি