গাজীপুরের টঙ্গী বাজারে দিনদুপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টির পর লুণ্ঠিত টাকা নিয়ে মোটরসাইকেলযোগে চলে যায় ছিনতাইকারীরা। সোমবার প্রকাশ্যে টঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
টঙ্গী বাজারের জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেন সাংবাদিকদের জানান, টঙ্গী বাজারে তার পাইকারি চাল ও ডালের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সোমবার সকালে জাকির হোসেন ও তার সঙ্গী আরজু ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। তারা টঙ্গী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকার ব্যাগ নিয়ে রিকশাযোগে স্থানীয় ন্যাশনাল ব্যাংকের শাখায় যাওয়ার পথে বাজারের চেয়ারম্যান বাড়ি মোড়ে পৌঁছলে দু’টি মোটারসাইকেলযোগে ছিনতাইকারীরা তাদের রিকশার গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। টাকার ব্যাগ রক্ষার চেষ্টাকালে ছিনতাইকারীদের আঘাতে ব্যবসায়ী জাকিরের সঙ্গী আরজু আহত হন।
পরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়লে রাস্তা ফাঁকা হয়ে যায় এবং মোটরসাইকেলে ওঠে বউ বাজারের দিকে পালিয়ে যায়। যাওয়ার পথে ছিনতাইকারীদের একাধিক ফাঁকা গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
টঙ্গী থানা পুলিশের পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে সোমবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় থানায় কেউ মামলা কিংবা অভিযোগ দেয়নি।
আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি