জাল জন্মসনদ ও সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে কক্সবাজারের রামু উপজেলা সদরের রাজারকুল পাঞ্জেগানা বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারের হাফসা স্টুডিওতে অভিযান চালিয়ে তাদের আটক ও এসব কাজে ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার মো. নুর আলমের ছেলে মো. ছালামত উল্লাহ (২৫) ও মো. শহিদুল্লাহ (১৫)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের স্কোয়াড্রন কমান্ডার এএসপি সৈয়দ মোহসিনুল হক জানান, কক্সবাজারের রামু সদরের রাজারকুল পাঞ্জেগানা বাজারের হাফসা স্টুডিওতে জাল জন্ম সনদ ও সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর উপর ভিত্তি করে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। কম্পিউটার চেক করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দু’ভাইকে আটক করা হয়। জব্দ করা হয় কম্পিউটারটিও।
সায়ীদ আলমগীর/এফএ/আইআই