নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, বিএনপি নির্বাচনের সময় বলবে আমরা গরিবের পক্ষে। কিন্তু নারায়ণগঞ্জের গরিব হকারদের পক্ষে তো তাদের মাঠে নামতে দেখলাম না। নারায়ণগঞ্জে কী বিএনপির নেতারা নেই। কোথায় আপনারা। কাপুরুষ হয়ে রাজনীতি করা উচিত না। আমি যেভাবে বলছি এমপি হিসেবে এভাবে বলা ঠিক না। তারপরও বলতে বাধ্য হলাম।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় হকারদের উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমি ভেবেছিলাম হকারদের ইস্যুতে ২৫ দিনে বিএনপি এ সুযোগে মাঠ দখল করে নেবে। কই কিছু করল না। তারা লাইনবাজ। নির্বাচনের সময় বলবে আমরা গরিবের পক্ষে। বিএনপি নেতারা যেহেতু ২৫ দিনেও কিছু করতে পারেননি আমার মনে হয় ২০১৮ সালেও চেষ্টা করবেন না। তখন পারবেন না ইনশাআল্লাহ। ভেবেছিলাম ২৫ দিনে হকার ইস্যুতে আপনারা অনেক কিছু করে ফেলবেন। কিন্তু পারলেন না। কারন আপনারা গরিবের জন্য রাজনীতি করেন না।
তিনি আরও বলেন, বিএনপি বড় একটি দল হয়েছে শুধু। তারা মানুষকে পুড়িয়ে মারা আর বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার রাজনীতি করেন। ওই সময় ঠিকই তাদের শক্তি ও সাহস থাকে। কিন্তু হকারদের জন্য সাহস ও শক্তি দেখায় না। আপনারা তো পুলিশের লাঠিপেটা খেয়ে বলতে পারতেন- আপনারা হকারদের পেটে লাথি দিতে পারবেন না।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের ছোট ছোট দল হকারদের জন্য মাঠে নেমেছে। তারা পুলিশের লাঠিপেটা খাবে সেই চিন্তা করেনি। আমি এসব ছোট দলের নেতাদের দোয়া করে দিলাম।
শাহাদাত হোসেন/আরএআর/আইআই