দেশজুড়ে

৬ হাজার টাকার জন্য রোকসানাকে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজের পূর্বপাশ থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহটির পরিচয় পাওয়া গেছে। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর নাম রোকসানা (১০)। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের মেয়ে।

এর আগে বুধবার দুপুরে মেয়ে নিখোঁজের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন রোকসানার বাবা মো. আশরাফুল ইসলাম। গত ২৩ জানুয়ারি সকালে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে রোকসানা আর বাসায় ফিরেনি বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

এদিকে লোকমুখে শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মর্গে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন আফরাফুল ইসলাম।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, ২৪ তারিখ রাতেই তার কাছে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি জানান, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। তার কাছে মুক্তিপণ ও মিষ্টি খাওয়ার জন্য ৬ হাজার টাকা দাবি করেন ওই ব্যক্তি।

আফরাফুল ইসলাম বলেন, নিতাইগঞ্জে এসে সে টাকা দিয়ে যেতে বলেছিল। আমরা জানাই আমাদের মেয়েকে নিয়ে আসেন টাকা দিব। এ কথা বলার পর ওই ব্যক্তি বলে তাহলে মেয়ের লাশ পাবেন।

তিনি আরও জানান, আমাদের সাথে কারও কোনো পারিবারিক দ্বন্দ্ব নেই। কারও সাথে কোনো অর্থনৈতিক খারাপ সম্পর্কও নেই। কাউকে সন্দেহও করছি না।

সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) জব্বার জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজের পূর্বপাশে সকালে এলাকাবাসী বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হাত-পা বাঁধা ও মুখে কচটেপ লাগানো এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/আইআই