দেশজুড়ে

ফতুল্লায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. সজিবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সজিব পূর্ব সস্তাপুর শিবু মার্কেট সংলগ্ন এলাকার মমতাজ উদ্দিন ওরফে মন্তার ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পাইকারী ও খুচরা ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্রসহ মাদক আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. তারেক আজিজকে নিয়ে অভিযান চালিয়ে সজিবকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

জেএইচ