নতুন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ২০১৮ সালকে আমরা কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। পুলিশের জন্মদিন থেকেই চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে। কেউ পেছনে আছে কি, সঙ্গে আছে সে চিন্তা না করে তারা প্রতিরোধ গড়ে তোলে। ওই সময় অকুতোভয় অনেক পুলিশ সদস্য শহীদ হন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান এসব কথা বলেন।
আইজিপি বলেন, বিগত ২০১৩-১৪ সালে জীবনের বিনিময়ে আগুন সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে পুলিশ। সেখানেও অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। কিন্তু পিছপা হননি। জঙ্গিবাদ দমনেও সাহসী পুলিশ সদস্যরা জীবন দিয়েছেন। আমরা তাতেও জয়ী হয়েছি। জনগণ আমাদের সঙ্গে আছে। ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবো আমরা।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এস এম হুমায়ূন কবীর/এএম/আইআই