দেশজুড়ে

কক্সবাজারে ২ শিশুকে জবাই করে হত্যা করলো বাবা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে নিজের দুই শিশু সন্তানকে জবাই করে হত্যা করেছে এক বাবা। মঙ্গলবার ভোর রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর হারবাংয়ের গায়নি কাটা গ্রামের পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পাষণ্ড এ বাবার নাম মোহাম্মদ কাশেম। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘাতক মোহাম্মদ কাশেম কয়েকদিন আগে থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো। সোমবার রাতে মদ্যপ অবস্থায় ঘরে ফিরেন তিনি। এসময় স্ত্রী সায়েরা খাতুনের (৩৫) সাথে বাকবিতণ্ডা হয় তার। পরে রাগান্বিত হয়ে তিনটি ছাগলকে কুপিয়ে হত্যা করে মোহাম্মদ কাশেম। এসময় তার বড় ছেলে বাধা দিতে গেলে তার উপর হামলে পড়ে। বাবার রূদ্ধ মূর্তি দেখে একপর্যায়ে পালিয়ে রক্ষা পায় বড় ছেলে। এর পরপরই মোহাম্মদ কাশেম তার ঘুমন্ত মেঝ ছেলে মোহাম্মদ জামাল (৮) ও মেয়ে তানজিনা আকতার (৩) কে জবাই করে হত্যা করে। এসময় তার স্ত্রী বাধা দিতে এগিয়ে এলে তাকেও কামড়িয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মোহাম্মদ কাশেম মিয়ানমারের নাগরিক। সে দীর্ঘদিন ধরে ওই পাহাড়ী এলাকায় বসবাস করে আসছিল। মানসিক ভারসাম্যহীন কাশেম মদ পান করে আরো বেপরোয়া হয়ে উঠে। ফলে সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  তিনি আরো জানান, ঘাতককে আটক করা হয়েছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সায়ীদ আলমগীর/এসএস/এমএস