দেশজুড়ে

টেকনাফে ৪৫ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ৪৫ লাখ টাকার ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শুল্ক বিভাগ স্টেশনের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার নাফ নদীর ৯ নম্বর স্লুইস গেট এলাকার হ্নীলার কাস্টমসপাড়া করিডোর এলাকা থেকে এসকল ইয়াবা উদ্ধার করা হয়।টেকনাফ কাস্টমস শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মিয়ানমার থেকে হ্নীলা করিডোরের মাধ্যমে প্রতিনিয়ত গবাদিপশু আনা হয়। ওই সকল পশু থেকে শুল্ক আদায় করে আসছিল কাস্টমস। তারই সূত্র ধরে মঙ্গলবার রাতে একটি নৌকা করে কিছু গবাদি পশু আনা হয়। এসময় একজন লোক হাতে একটি ব্যাগ নিয়ে নৌকা থেকে নেমে কাস্টমসের দায়িত্ব থাকা লোকজনের সঙ্গে কোনো কথা না বলে বেড়িবাঁধ দিয়ে সহেন্দজনকভাবে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে লোকটি একটি পলিথিনের ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। ওই ব্যাগটি উদ্ধার করে ১৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। অভিযানে অংশ নেন সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম। শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির আরো জানান, ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে। সায়ীদ আলমগীর/এসএস/পিআর