আন্তর্জাতিক

পুরনো কোরআন রাখার দুই মাইল লম্বা সুড়ঙ্গ

ইসলাম ধর্মালম্বীদের কাছে সবচেয়ে পবিত্র তাদের ধর্মগ্রন্থ কোরআন। এজন্য মুসলিমরা এটকে সর্বোচ্চ যত্নে সংরক্ষণ করেন। অনেক দিন পড়ার পর এর পৃষ্ঠাগুলো জীর্ণ-শীর্ণ হয়ে পড়ে তখনও এটিকে সতর্কতার সাথেই সংরক্ষণ করা হয়। মুসলিমদের বিশ্বাস, কোরআন পুরনো হয়ে গেলে কিংবা সেটির পৃষ্ঠা ছিঁড়ে গেলেও যেখানে-সেখানে ফেলে দেয়া উচিত নয়।

পাকিস্তানে কোরআন সংরক্ষণের জন্য এক পর্বতমালায় তৈরি করা হয়েছে দুই মাইল লম্বা সুড়ঙ্গ। কোয়েটা শহরের কাছে এক পর্বতমালার অবস্থান।

পর্বতটির সুড়ঙ্গ পথে হাজারো ছিঁড়ে যাওয়া কোরআন এনে রাখা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে পুরনো কোরআন এনে বস্তায় স্তুপ করে সেগুলো জমা রাখা হচ্ছে। একেকটি বস্তায় আট থেকে দশটি কোরআন রাখা হয়েছে।

এ সুড়ঙ্গে কাজ করেন আব্দুর রশিদ লেহরি। তিনি বলেন, ‘আমার বড় ভাই কোরআন ভালোবাসেন। যেসব কোরআন ফেলে দেয়া হতো তিনি সেগুলো সংগ্রহ করতেন এবং তার গাড়িতে যত্ন করে রেখে দিতেন। এরপর আমরা এ জায়গাটি প্রতিষ্ঠা করেছি।’

সূত্র: বিবিসি বাংলা।

এনএফ/জেআইএম