দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা চাই’ সিদ্ধিরগঞ্জে চলছে ভোটগ্রহণ

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে সিদ্ধিরগঞ্জে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে চলছে ভোটগ্রহণ।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

এরই অংশ হিসেবে বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই দাবিতে র‌্যালি ও মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ হাবিবুল্লাহ কাঁচপুরী। এতে বিশেষ অতিথি ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ওমর ফারুক, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ইফতেখার আলম খোকন, দৈনিক জনকণ্ঠের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি সাইলো শাখার সভাপতি আলহাজ আনিসুর রহমান ও সিদ্ধিরগঞ্জের রেকমত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

জাগো নিউজের প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ও সাহিত্যিক লুৎফর রহমান সরদার, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মো. আরিফ হোসেন, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক মো. এমরান হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন, দৈনিক খবরের পাতার ফটো সাংবাদিক বিশাল আহমেদ, ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসাইন, ব্যবসায়ী কবির হোসেন ও ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের কোথাও এমন ভাষা নেই যে ভাষায় মনের মাধুর্য মিশিয়ে মনের মতো করে কথা বলা যায়। একমাত্র বাংলা ভাষাতেই সাবলীলভাবে কথা বলা সম্ভব। যা বিশ্বের অন্য কোনো ভাষায় অসম্ভব।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম