কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের আশ্বাসে একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সোমবার কুমিল্লা মহানগরী থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের আবদুল মিয়ার ছেলে জাকির হোসেন (৩০) এবং একই গ্রামের মৃত আবদুল ওহাবের স্ত্রী পেয়ারা বেগম (৫০)।
ডিবি সূত্রে জানা যায়, গত ৪ মার্চ কুমিল্লা পুলিশ লাইন্সে ৫১৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এতে একাধিক দালাল চক্র কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে নগরীর বিভিন্ন স্থানে টাকা-পয়সা লেনদেন শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম কুমিল্লা পুলিশ লাইন সংলগ্ন কুমিল্লা সরকারী কলেজের গেট থেকে প্রতারক চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করে।
ডিবির জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, আনোয়ার হোসেন নামের এক নিয়োগ প্রার্থীর কাছ থেকে চাকরি দেয়ার নামে ৩ লাখ টাকা চুক্তির পর গত ১ জানুয়ারি প্রতারক চক্রের প্রধান বুড়িচং উপজেলার ইছাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে দুলাল হোসেনের (৩৬) কাছে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ৫০ হাজার টাকা প্রদান করা হয়। বাকী আড়াই লাখ টাকা নিতে সোমবার দুলাল হোসেন তাদের (জাকির ও পেয়ারা বেগম) পাঠালে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, প্রতারকদের ফাঁদে পা না দেয়ার জন্য এরই মধ্যে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন নিয়োগ প্রার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানালেও একাধিক প্রতারক চক্র নিয়োগের প্রলোভনে প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। গ্রেফতার ওই প্রতারক চক্রের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক দুলাল হোসেনকে গ্রেফতার করতে পারলে হয়তো এই চক্রের আরও প্রতারণার তথ্য জানা যাবে।
কামাল উদ্দিন/আরএআর/এমএস