কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় বাসের ৮ যাত্রী হত্যা মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেসমিন আরা বেগম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের ৮ যাত্রী নিহত হন।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা হয়। পুলিশ দুটি মামলার তদন্ত শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ এজাহার বহির্ভূত ৩২ জনকে অন্তর্ভুক্ত করে গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে।
উভয় মামলার ৭৮নং আসামি মনিরুল হক চৌধুরী। তার আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন লাভ করলেন।
কামাল উদ্দিন/এমএএস/এমএস