দেশজুড়ে

কক্সবাজারে নিম্নমানের ৬৮০০ বস্তা চাল জব্দ

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগানবাড়ি থেকে নিম্নমানের ছয় হাজার ৮০০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্সের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ভেজাল চাল জব্দ করা হয়।

এ সময় এসব চাল মজুদের সঙ্গে জড়িত ইকবাল গাজী নামে একজনকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স জানান, মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা সহায়তার জন্য বিশ্বখাদ্য কর্মসূচির আওতায় দুই হাজার ১১২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। সেখানে সরবরাহ করার জন্য সমতা ট্রেডার্স নামের একটি চাল সরবরাহকারী প্রতিষ্ঠান গোপনে নিম্নমানের চাল মজুদ করার খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় খুরুশকুল ইউনিয়ন পরিষদের পাশের একটি বাড়ি থেকে ছয় হাজার ৮০০ বস্তা নিম্নমানের ভেজাল চাল জব্দ করা হয়। এসব ভেজাল চাল সংগ্রহের সঙ্গে জড়িত থাকায় ইকবাল গাজীকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম