ইয়াবার আসর থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির সিকদারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাদের অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে এ দণ্ড দেন। মহেশখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীপক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে ছোটমহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির সিকদারকে পাঁচ হাজার ও অন্য চারজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডিত অন্য চারজন হলেন- পৌরসভা এলাকার কালামিয়ার ছেলে ছাবের (৪২), সিকদার পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে মাহবুব আলম (২৪), রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাসিন্দা ইউনুস খানের ছেলে সিরাজুল ইসলাম (৪০) ও চট্টগ্রামের আনোয়ারার রায়পুর পশ্চিম মোহছেন আওলিয়া এলাকার ইব্রাহিমের ছেলে শফিউল আজম (২৮)।
মহেশখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীপক বিশ্বাস জানান, রোববার রাতে একদল লোক আসর বসিয়ে ইয়াবা সেবনের খবর পেয়ে ঠাকুরতলার আসাসিক হোটেল গ্রিন প্যালেসে অভিযান চালানো হয়।
সেখানে হোটেলের একটি কক্ষ থেকে ছোটমহেশখালী আওয়ামী লীগ সভাপতি জহির সিকদারসহ পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের সোমবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে অর্থদণ্ড দেন।
সায়ীদ আলমগীর/এএম/এমএস