দেশজুড়ে

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

ভারতে ছয় মাস কারাভোগের পর ৩৬ যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার রাতে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবকদের অধিকাংশের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুই বছর আগে এসব যুবকরা ভালো কাজের আশায় যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারতের কেরালা রাজ্যে যায়। সেখানে দীর্ঘ ৬ মাস কাজ করার পর কেরালা পুলিশের হাতে আটক হয়। পরে আদালত তাদের ছয় মাসের কারাবাস দেন। কারাভোগের মেয়াদ শেষে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে ৩৬ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। কাগজপত্রের কাজ সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে মানবাধিকার সংগঠন রাইটসের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জামাল হোসেন/জেএইচ