কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দুই বছর পূর্তিতে মানববন্ধন, বিক্ষোভ ও শোক র্যালি এবং দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা শোক র্যালি, বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। পরে মিলাদ ও দোয়ার আয়োজন করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- থিয়েটারের প্রধান উপদেষ্টা বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান ভুইয়া, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মজিবুর রহমান, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক নিলুফার সুলতানা ও থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, তনুর খুনিদের শনাক্ত করে বিচার করতে হবে। তনুর হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফিরেনি তনু। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের পাওয়ার হাউজের পাশে একটি জঙ্গলে তনুর মরদেহ পায়।
এ ঘটনার দুই বছর অতিবাহিত হলেও এখনো মামলার তদন্ত সংস্থা সিআইডি ঘাতকদের চিহ্নিত ও ঘটনার রহস্য বের করতে পারেনি।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস