দেশজুড়ে

ঘুষের টাকাসহ আটক সেই মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা কারাগারে

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের সাবেক উপ-পরিচালক নাজমুল কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগরে পাঠানোর নির্দেশ দেন।

গত ৩ জানুয়ারি ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের সাবেক উপ-রিচালক নাজমুল কবির। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করে। নাভারনের বৈধ মদ পরিবেশক মহব্বত আলী টুটুলের লাইসেন্স নবায়নের জন্যে তিনি এ ঘুষ নেন বলে দুদক কর্মকর্তারা জানান।

দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, উপ-পরিচালক নাজমুল কবির যশোর জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৫ জানুয়ারি অন্তর্বর্তীকালীন জামিন পান ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হাইকোর্টে রিভিশন পিটিশন করলে ১৪ ফেব্রুয়ারি তার জামিন ৬ মাসের জন্য স্থগিত করে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন আদালত। আসামি নিম্ন আদালতে হাজির না হয়ে সময় চেয়ে ৪ মার্চ আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন। তখন হাইকোর্ট তাকে ২২ মার্চ পর্যন্ত সময় দেন।

তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক আসামি বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে সময় আবেদন করেন। জেলা দায়রা জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম আসামির আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম আরও বলেন, নাজমুল কবিরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। এখনও চার্জশিট হয়নি।

মিলন রহমান/আরএআর/পিআর