কক্সবাজারের উখিয়ার মধুরছড়া এলাকা থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, ৪টি কিরিচ, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে মধুছড়া এলাকা থেকে এসব অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুছড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম (২৮), ফলিয়াপাড়া এলাকার আবু শামার ছেলে মো. নুরুল বশর বুলু (৩০) এবং একই এলাকার আব্দু ছালামের ছেলে মো. কামাল হোসেন ওরফে জসিম উদ্দিন (৩৩)।
র্যাব-৭ কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার ভোরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে ১১টি আগ্নেয়াস্ত্র, রামদা, কিরিচ, গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালামের নামে উখিয়া থানায় ডাকাতিসহ ৯টি, মো. নুরুল বশর বুলুর নামে ডাকাতিসহ দুটি এবং মো. কামাল হোসেন ওরফে জসিম উদ্দিনের নামে ৩টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এএম/পিআর