দেশজুড়ে

ওয়াসার প্রকৌশলীকে লাঞ্ছনা : বন্দরে পানি সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় রাস্তা নির্মাণ কাজে ওয়াসার পানি ব্যবহার করতে বাধা দেয়ায় এর এক উপ-সহকারী প্রকৌশলীকে গালমন্দ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার পর তিনদিন যাবৎ বন্দরে পানি সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঠিকাদার মোতালেব ওই প্রকৌশলীকে লাঞ্ছিত করায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ওয়াশা।

এদিকে লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলাবাসী। গত তিন দিন ধরে পাম্প বন্ধ থাকায় বন্দরে পানির জন্য হাহাকার করছে মানুষ। বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছেন তারা। পানির অভাবে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। তাদের অভিযোগ, ‘নাসিক ঠিকাদারের দোষে গ্রাহকরা কেন দুর্ভোগ পোহাবে।’

লাঞ্ছনার শিকার ওয়াসার নারায়ণগঞ্জ জোনের উপসহকারী প্রকৌশলী ফজিলা বেগম জানান, সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড বন্দরের কাইতাখালী এলাকায় কাজের সাইট পরিদর্শনে যান তিনি। এ সময় রাস্তার পাশে দুটি পাইপ দিয়ে পানি পড়তে দেখেন। এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ঠিকাদারের লোকেরা রাস্তায় পানি দেয়ার জন্য পাইপ লাইন সংযোগ নিয়েছে। এরপর তিনি ঠিকাদার মোতালেবের সঙ্গে কথা বলেন। জানানো হয় এলাকায় তীব্র পানি সংকট চলছে। গ্রাহকরা ঠিকমত পানি পাচ্ছেন না। তাই ওয়াসার পানি রাস্তা নির্মাণ (কন্সট্রাকশন) কাজে ব্যবহার করা যাবে না। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার মোতালেব তাকে মারতে উদ্যত হন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন।

তিনি আরও জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানিয়েছেন। ঘটনা শুনে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্তপাম্প বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

অপরদিকে ঠিকাদারের লোকেরা জানান, তারা পানি দিয়ে রাস্তার বালু ভেজানোর কাজ করছিলেন। এ সময় উপসহকারী প্রকৌশলী ফজিলা সরকারের রাজস্ব ক্ষতির কথা বলে উৎকোচ দাবি করেন।

শাহাদাত হোসেন/এফএ/পিআর