দেশজুড়ে

এবার রনির জন্য রাস্তায় কক্সবাজারের শিক্ষার্থীরা

চট্টগ্রামের পর এবার কক্সবাজারে ছাত্রলীগ নেতা রনির জন্য আওয়াজ তুললো শিক্ষার্থীরা। কক্সবাজার শহরের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, রনি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শিক পাঠশালার একজন আদর্শবান কর্মী। তিনি কখনও অন্যায়ের কাছে মাথানত করেননি। তাই, একের পর এক ষড়যন্ত্র তৈরি করে রনির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। যতই ষড়যন্ত্র আর ঝড় আসুক, কোন ধরনের ষড়যন্ত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা নুরুল আজিম রনির অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার সামনে জেলা প্রশাসক কার্যালয় সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। নুরুল আজিম রনির বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রনেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় ও হাফিজুর রহমান লাভলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিবুল হক, জিয়াউল গনি মাহমুদ এবং কক্সবাজার সরকারি কলেজ শিক্ষার্থী তারেক আরমান, আব্দু শুক্কুর খন্দকার, জুয়েল চৌধুরী, বিপ্লব মুন্না ও আবিদুর হাসনাত জামি প্রমুখ।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম