কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে জলদুস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডিবি পুলিশের ওসিসহ ৫ পুলিশ ও ২ ডাকাত সদস্য আহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর নন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানে অংশ নেয়া কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ বলেন, দীর্ঘদিন দাউদকান্দিতে গোমতী নদীকেন্দ্রিক জলদস্যুদের একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে।
ডাকাতরা নৌপথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ, লঞ্চ ছাড়াও বালু ও মাটি পরিবহন করা বড় নৌকা ও ট্রলারের চালক ও যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজি, হামলা, মালামাল লুটসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
মঙ্গলবার গোমতী নদীর দাউদকান্দি উপজেলার নন্দনপুর এলাকায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে ডাকাতদের ঘিরে ফেলে পুলিশ।
এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ডিবি ও থানা পুলিশ আত্মরক্ষায় ৪৪ রাউন্ড গুলি চালায়। ডাকাতদের আক্রমণে ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন, এসআই শাহ কামাল আকন্দ, এসআই সহিদুল ইসলাম এবং কনস্টেবল মো. কামাল উদ্দিন আহত হয়।
এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১টি ১ নলা বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- দাউদকান্দি উপজেলার বাজরা গ্রাামের রাজু মিয়ার ছেলে মহসিন (৩৭) এবং একই গ্রামের জলিল মিয়ার ছেলে (২৩) মো. রিপন। গ্রেফতার ডাকাতদের কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ৩টি মামলা করা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর