যশোরের বেনাপোল সীমান্তে হুন্ডির ১০ লাখ ৬৪ হাজার টাকাসহ লিমন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টমসের সামনে থেকে তাকে টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার লিমন বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের ইউনুছ আলীর ছেলে।
যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে মোটরসাইকেলসহ লিমনকে গ্রেফতার করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১০ লাখ ৬৪ হাজার টাকা উদ্ধার করা হয়। তার নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে বুধবার সন্ধ্যায় ৪৯-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা আমড়াখালী চেকপোস্টে দুই লাখ ৩৯ হাজার হুন্ডির টাকা, ১৮টি ভারতীয় মোবাইল ও বিভিন্ন ধরনের পোশাকসহ মোবারক হোসেন নামে এক পাসপোর্টযাত্রীকে গ্রেফতার করে।
মোঃ জামাল হোসেন/এএম/পিআর