মাদক নিয়ে রোহিঙ্গা ও স্থানীয়দের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার বেলা দেড়টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ রায় দেন। উখিয়া থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাকের দায়েরকৃত জিআর ১৫৮ নম্বর মামলায় অভিযুক্ত চেয়ারম্যান গফুর আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলার এজাহার সূত্র জানায়, গত ১ মে ইয়াবা সেবনকে কেন্দ্র করে উখিয়ার পালংখালী তানজিমার খোলায় স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়দের হামলায় পুলিশ আহত হয়। ওই হামলা ইউপি চেয়ারম্যান গফুরের নেতৃত্বে ২৫০ জন লোকজন অংশ নেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ২ মে উখিয়া থানায় ইউপি চেয়ারম্যানের নাম উল্লেখ করে ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়। কক্সবাজার আদালতের পরিদর্শক (ওসি) কাজি দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এএম/এমএস