দেশজুড়ে

কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর ও খুটাখালী এলাকায় বাস ও ট্রাকের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ও সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদরের ইসলামপুর খেলারমাঠ এলাকায় যাত্রিবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ কাউছার (৭) নামে এক শিশু নিহত হয়। কাউসার মধ্যম নাপিতখালী এলাকার মালেশিয়া প্রবাসী আমান উল্লাহর ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলমগীর জানান, পরিবারের আবেদন সাপেক্ষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়। রাতে স্থানীয় মধ্যম নাপিতখালী জামে মসজিদে জানাযা শেষে দাফন করা হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়ন পরিষদের সামনে যাত্রীবাহী ছারপোকার পেছনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত ও অপর পাঁচজন আহত হয়।

নিহত রিফাত উদ্দিন (৮) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব ভূবনখিল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

আহতরা হলেন মালুমঘাট রিংভং সোজানিয়া এলাকার গুরা মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫), নিহত শিশুর মা মুশুয়ারা বেগম (২৫), চকরিয়া চরণদ্বীপ এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে রুহুল আমিন (৩০), খুটাখালী উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার ছগির আহমেদের ছেলে রমজান আলী (২৮), একই ইউনিয়নের পূর্ব গর্জনতলী এলাকার হাফেজ সুলতান আহমদের ছেলে মো. ফারুক (২৮)।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলমগীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/বিএ