দেশজুড়ে

প্রাইমারিতে নিয়োগ পরীক্ষায় নকল, ১৫ দিনের কারাদণ্ড

 

কক্সবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অভিনব উপায়ে নকল করার দায়ে ইব্রাহীম নামে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে, বিষয়টি চাপিয়ে রাখায় রাত পর্যন্ত তা গোপন ছিল।

জানা গেছে দণ্ডিত ইব্রাহীম সদরের ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা হোছাইন আহমদের ছেলে ও ঈদগাঁহ হাইস্কুলের খণ্ডকালীন শিক্ষক। তার পিতা ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার কর্মচারী।

সূত্র জানায়, শুক্রবার অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কক্সবাজার শহরের আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন ইব্রাহীম। এ সময় ঘনঘন টয়লেটে যাওয়ায় তাকে সন্দেহ করেন হলে কর্মরতরা। পরীক্ষা কেন্দ্রে তিনি মোবাইল ফোন নিয়ে গেছেন মর্মে সন্দেহ হলে কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট তাকে চ্যালেঞ্জ করেন। কিন্তু ব্যাপারটি অস্বীকার করেন তিনি। পরে তার দেহ তল্লাশি করে মোবাইল ফোন ও ফোনের ম্যাসেজ ইনবক্সে পরীক্ষার বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায়। এভাবে নকল করার বিষয়টি নিশ্চিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন প্রিন্স জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে এক চাকরি প্রার্থীকে কারাদণ্ড দেয়া হয়েছে। তার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিবে সংশ্লিষ্ট দফতর। তাকে বিকেলেই জেল হাজতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএমজেড/এমএস