দেশজুড়ে

রূপগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে দুই জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার খাদুন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া জানান, সকাল সাড়ে ১০টায় রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফলবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালক সোহেল মিয়া ও যাত্রী অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত সোহেল মিয়া চাঁদপুর সদর উপজেলার রনাগল এলাকার হারুন মিয়ার ছেলে। নিহত অপর ব্যক্তি ফল ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

এমএএস/পিআর