যশোরের বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে আমড়াখালি পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আমড়াখালি গ্রামের সাদেক আলীর স্ত্রী আরাতন বেগম (৫০) ও নাতনি একই গ্রামের কুরবান আলীর মেয়ে মাসুরা খাতুন (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোসল করে বাড়ির রান্নাঘরের ওপরে থাকা আর্থিং তারে কাপড় নাড়তে যান নানি আরাতন। এ সময় রান্নাঘরের টিনের ওপরে থাকা তারের সঙ্গে আর্থিংয়ের সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে নানি ছটফট করতে থাকেন।
এ অবস্থা দেখে তাকে বাঁচাতে যায় নাতনি মাসুরা খাতুন। এতে দুজনেই বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই রবি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নানি ও নাতনির মৃত্যু হয়েছে বলে শুনেছি।
শার্শা উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত ডিজি এম মামুন মোল্লা বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি শুনেছি।
মিলন রহমান/এএম/জেআইএম