যশোরে সোহেল রানা হত্যাকাণ্ডে জড়িতরা মামলা তুলে নিতে অব্যাহত হুমকি-ধমকি দিচ্ছে বাদী ও তার পরিবারকে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। এরই মধ্যে বাদীর বাড়িতে একবার বোমা হামলার ঘটনাও ঘটেছে।
সোমবার দুপুরে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত সোহেলের মা খালেদা বেগম। একইসঙ্গে তাদের পরিবারের নিরপত্তাহীনতার কথা তুলে ধরেন তিনি।
জানা যায়, গত ২৬ জুলাই সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন যশোর সদর উপজেলার রামনগর খাঁপাড়ার সোহেল রানা। এ ঘটনায় নিহতের মা খালেদা বেগম আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলো- সদর উপজেলার রামনগর খাঁ পাড়ার নূর মোহাম্মদের ছেলে শাহিন (৩০), আলী আহম্মদের ছেলে আসাদুল (২৫), গোলাম মোস্তফার ছেলে আলামিন (২২), রাজারহাটের রাব্বী (২৩), মুড়লির সোহেল রানা (৩০), আসামি আসাদুলের ভায়রা রাসেল, রামনগর খাঁ পাড়ার তরিকুল ইসলাম ও রামনগর খাঁপাড়ার আনসারের ছেলে বিল্লাল (৩০)। এছাড়া এ মামলায় ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাদী খালেদা বেগম অভিযোগ করেন, মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। এরই মধ্যে মামলা তুলে নিতে আসামিরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। সর্বশেষ ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তাদের ঘরের দরজায় দুটি বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কলেজ পড়ুয়া দুটি মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও বাদী অভিযোগ করেন। খালেদা বেগম তার সন্তান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিলন রহমান/এএম/পিআর