দেশজুড়ে

কুমিল্লায় শিশু উদ্যানে কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নগর শিশু উদ্যানে ‘ম্যাজিক বোট’ নামের একটি রাইড চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান নামের এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশেনের পক্ষ থেকে রোববার বিকেলে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭ কার্য দিবসের মধ্যে গঠিত ওই দুটি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন পেশ করার কথা রয়েছে। এর আগে সকালে ওই রাইডসের ইজারাদার ও সিটি কর্পোরেশনের ঠিকাভিত্তিক কর্মচারী শরীফ এবং রাইড পরিচালনাকারী আবুল কাশেমের বিরুদ্ধে ওই কলেজছাত্রের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান কুমিল্লা নগরীর ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি ডিগ্রি কলেজের অনার্স (মার্কেটিং) ২য় বর্ষের ছাত্র ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এদিকে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্যানের বিভিন্ন রাইডস এর নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, ওই রাইডটি বার্ষিক ৩০ হাজার টাকার বিনিময়ে শরীফ নামের এক ব্যক্তিকে ৩ বছরের জন্য ইজারা দেয়া হয়েছে। কিন্তু রাইউসে বিদ্যুৎ সমস্যা নাকি হার্টের সমস্যার কারণে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে, তা পুলিশ তদন্ত করছে।

এদিকে রোববার দুপুরে নগর উদ্যানে সরেজমিন ঘুরে দেখা যায়, এ উদ্যানের গাছ ও রাইডসের ফাঁকে ফাঁকে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের লাইন টানা হয়েছে।

এদিকে বিকেলে কুসিকের প্রধান নির্বাহী অনুপম বড়ুয়া জানান, কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল্লাহকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, ওই কলেজছাত্রের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ঘটনায় আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, পার্কের ভেতর যেসব রাইড স্থাপন করা হয়েছে সেগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষার পর ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সকল রাইডস বন্ধ রাখতে সিটি মেয়রকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও জানান, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় কলেজছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের দায়ের করেছেন। মামলার আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মো. কামাল উদ্দিন/এমএএস/জেআইএম