অস্ত্রের মুখে ব্যাংক গ্রাহকের ৩ লক্ষাধিক টাকা লুটের ঘটনার মূল হোতা শরীফ হোসেন বাবুকে গ্রেফতার করেছে কুমিল্লার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে টাকা লুটের ঘটনার বর্ণনা দেন গ্রেফতার বাবু।
এর আগে শনিবার বিকেলে বাবুকে জেলার দাউদকান্দির গোয়ালমাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরীফ হোসেন বাবু চাঁদপুরের মতলব উপজেলার মাইজকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দাউদকান্দির গোয়ালমাড়ি থেকে শরীফ হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। বাবু টাকা লুটের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারসহ তার সহযোগীদের নাম প্রকাশ করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গত ২৮ জানুয়ারি মুরাদনগরের বাবুটিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মাছুম ও তার বোন নাজমা বেগম দাউদকান্দির ইলিয়টগঞ্জের সোস্যাল ইসলামী ব্যাংক থেকে ৩ লাখ ৩৭ হাজার টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন।
বাড়ির কাছাকাছি পৌঁছলে একটি কালো রঙয়ের মাইক্রোবাসযোগে ছিনতাইকারী শরীফসহ ৪-৫ জন সহযোগী অস্ত্রের মুখে আব্দুল্লাহ আল মাছুম ও তার বোনকে গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতর তাদের মারধর করে ৩ লাখ ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকেলে মুরাদনগরের কোম্পানীগঞ্জ ব্রিজের ওপর তাদের নামিয়ে দেয়।
এ ঘটনায় ওইদিন রাতে আব্দুলাহ আল মাছুম বাদী মুরাদনগর থানায় মামলা করেন। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করার পরই অভিযান শুরু করে ডিবি।
ডিবি পুলিশের ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, লুটকৃত টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর