দেশজুড়ে

ফতুল্লায় ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ঝুট ব্যবসায়ী সুমন মিয়াকে পুড়িয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পটুয়াখালীর মিরাজগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বিপ্লব, তার স্ত্রী শায়লা আক্তার, সোহেল মন্ডল ও হোটেল মাসুদ। তাদের সকলের বাড়ি মাসদাইর এলাকায়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, প্রযুক্তি ব্যবহার করে জানা যায় পটুয়াখালীর মিরাজগঞ্জের এক আত্মীয়র বাসায় আত্মগোপনে রয়েছে চারজন। পরে শুক্রবার সকালে অভিযান চালিতে চারজনেক গ্রেফতার করা হয়। গ্রেফতার সকলই ঝুট ব্যবসায়ী হত্যা মামলায় তালিকাভুক্ত আসামি।

প্রসঙ্গত, ফতুল্লার মাসদাইর এলাকার বিপ্লব ও সোহলে মন্ডল কয়েক মাস আগে সুমনের কাছ থেকে ৭০ হাজার টাকা করে দুইজন মোট ১ লাখ ৪০ হাজার টাকা ধার নেয়। ৩১ আগস্ট ওই পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে রাতে ফোন করে বাসা থেকে সুমনকে ডেকে বিপ্লবের বাসায় নেয়া হয়। সেখানে বিপ্লবের স্ত্রী শায়লা আক্তার, সোহেল মন্ডল ও হোটেল মাসুদ সুমনকে জাপটে ধরে। এ সময় বিপ্লব কোরেসিন ঢেলে সুমনের শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে ১ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন। এ ঘটনায় গ্রেফতার চারজনকে আসামি করে নিহতের মা কিসমত বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর