নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আমাকে এলাকায় গিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমি আশা করি, পার্টির চেয়ারম্যান আমাকেই মনোনয়ন দেবেন।
তিনি বলেন, আমার প্রতিপক্ষ কে বা কারা এ মুহূর্তে বলতে চাই না। আমি শুধু সবার ভালোবাসা চাই। গণমানুষের নেতা নাসিম ওসমানের যারা কাছের, যারা তার সৈনিক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন।
সোমবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ ক্লাবে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে পারভীন ওসমান বলেন, এরশাদ আমাকে ডেকে বলেছেন সময় অনেক কম, তুমি মাঠে নামো, কাজ করো। আমি শুধু তার আদেশ পালন করছি, এর বেশি আমি কিছু করি নাই। আপনারা আমাকে বলবেন, আমাকে উপদেশ দেবেন। আমি সেই হিসেবে আপনাদের কাছে যাব, কাজ করব। আমি এখন আপনাদের নিয়ে উঠান বৈঠক করব। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমি শুধু কাজ করতে চাই।
আব্দুল কাদিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম, বন্দর থানা জাতীয় পার্টির নেতা আজিজ, মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর বাদল, জেলা শ্রমিক পার্টির নেতা তাহের, রুহুল আমিন, শাহ আলম, শুক্কুর, শ্রমিক নেতা রুহুল আমিন, মহানগর জাতীয় পার্টির নেতা আলিম, মো. শামসুদ্দিন প্রধান, মদনপুর ইউনিয়নের নেতা খায়রুল হাসান ভূঁইয়া, কলাগাছিয়া ইউনিয়নের নেতা মনির ও ১১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মঞ্জু প্রমুখ।
এএম/এমএস