উখিয়া-টেকনাফ আসনের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির হাতে এবার প্রহৃত হলেন উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজ। মাসিক উন্নয়ন সভায় যোগদান করতে বিলম্ব হওয়ায় উত্তেজিত হয়ে এমপি বদি তাকে চড়-থাপ্পর মারেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার উখিয়া উপজেলা পরিষদে মাসিক উন্নয়ন সমন্বয় সভা হয়। এ সভার সদস্য সচিব উপজেলা প্রকৌশলী মিনহাজ মোস্তফা। কিন্তু, তিনিই সভায় উপস্থিত হতে বিলম্ব করেন। সভায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে এমপি বদি তার ব্যাপারে জানতে চান। তিনি অফিসে রয়েছেন জানতে পেরে তাকে সভায় আসার জন্য খবর পাঠান এমপি বদি। কিন্তু এরপরও বিলম্ব করায় বদি ইউএনওকে নিয়ে প্রকৌশলীর অফিসে আসছেন শুনে মিনহাজ অফিস থেকে বের হলে সেখানে তাকে গালমন্দ করে থাপ্পড় মারেন। পরে উভয়ে সভায় যোগ দেন। উখিয়ার ইউএনও হিল্লোল বিশ্বাস তথ্যের সত্যতা উল্লেখ করে বলেন, এমপি ও উপজেলা প্রকৌশলীর মাঝে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এটি ভুল বুঝাবুঝি বলে উল্লেখ করেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ঘটনাটি শুনেছেন দাবি করে জানান, এটি সত্যি দুঃখজনক। একজন সরকারি কর্মকর্তা কোনো সভায় যোগ না দিলে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ আছে। এটি না করে এমপি বদি প্রকৌশলীকে মারধর করেছেন। ঘটনার ব্যাপারে জানতে এমপি বদির মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।উল্লেখ্য, ইতোপূর্বেও এমপি বদি শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তাসহ সরকারি আরো কয়েক কর্মকর্তাকে প্রহার করে দেশব্যাপী সমালোচিত হন। সায়ীদ আলমগীর/এমএএস/এমআরআই