গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বাগান উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের লিটন রায়ের মেয়ে লিমি রায় (৭) ও অদ্রি সরকার (৬)। তারা দুজনই বাগান উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্কুলের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার বলেন, ওই দুই শিশু সকাল সাড়ে ৯টায় স্কুলে আসে। কিন্তু ভুল করে সঙ্গে পেন্সিল এনেছিল না। সকাল সাড়ে ১০টার দিকে তারা আমার অনুমতি নিয়ে বাড়িতে পেন্সিল আনতে যায়। তারপর আর তারা স্কুলে ফেরেনি। তাদের মৃত্যুর খবরে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
লিমি রায়ের বাবা লিটন রায় বলেন, বাড়ি থেকে পেন্সিল নিয়ে তারা দুজন স্কুলের উদ্দেশে রওনা দেয়। ধারণা করা হচ্ছে স্কুলে যাওয়ার পথে ডা. সুভাষ বালার সদ্য খনন করা পুকুর পাড়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে মারা যায় তারা। দুপুর ১২টার দিকে মরদেহ দুটি পুকুরে ভেসে ওঠে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হুমায়ূন কবীর/এফএ/এমএস