একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এমপি প্রার্থী হতে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আজহারুল ইসলাম মান্নান। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক।
সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপু।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছেন না। সেজন্য তিনি এ পদ থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগপত্রটি প্রয়োজনীয় অবগতির জন্য নির্বাচন কমিশনের সচিবালয় সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে পদত্যাগের কপি পাঠানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচন করতে হলে চলতি দায়িত্ব থেকে জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। এজন্য তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান পদত্যাগ করেছেন।
সোনারগাঁ উপজেলার পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপু বলেন, তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন। তবে এখনও তার মনোনয়ন চূড়ান্ত হয়নি। তিনি বিএনপি থেকে মনোনয়ন পাবেন বলে আমরা আশাবাদী।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস