জাতীয়

প্রবাসীদের গণনা করা হবে গৃহ-জনশুমারিতে

দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১-এর প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রথমবারের মতো এ শুমারিতে প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করা হবে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিবিএসে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ : পরিসংখ্যানের ভূমিকা’ শীর্ষক আলোচনায় প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রমের বর্ণনা দেয়ার সময় এ তথ্য জানান এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. দিলদার হোসেন।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো এ শুমারিতে মাল্টিমোডাল অপশন ব্যবহার করার পাশাপাশি সাময়িকভাবে প্রবাসীদেরও গণনায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

স্যাটেলাইট ইমেজের সহায়তায় এ শুমারিতে গৃহ গণনা করা হবে এবং এটি হবে দেশের প্রথম ই-সেন্সাস বলেও উল্লেখ করেন দিলদার হোসেন।

তিনি জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রমের প্রকৃত উপকারভোগী নির্ধারণ এবং এর সুষ্ঠু পরিচালনার জন্য ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের কাজ চলছে। এর মাধ্যমে দেশের সব খানার সব সদস্যদের নিয়ে একটি ডাটাবেজও প্রস্তুত করা হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. কৃষ্ণা গায়েনও উপস্থিত ছিলেন।

পিডি/এনডিএস/জেআইএম