ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ১৭ মার্চ দূতাবাস কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শিশু-কিশোরদের জন্য গান, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর বক্তৃতা এবং খেলাধুলা। শতাধিক শিশু-কিশোর এসব প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়াও এ উপলক্ষে আলোচনা সভা হয়।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়।
দিবসটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
রোম দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অপরিসীম অবদানের কথা শিশু-কিশোরদের সামনে তুলে ধরেন। আলোচনা সভা শেষে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
এনডিএস/জেআইএম