দেশজুড়ে

গাজীপুরে মাদ্রাসাছাত্র অপহরণের চেষ্টা

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কুনিয়া এলাকা থেকে আল আমিন (৭) নামে এক মাদ্রসাছাত্র অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত দুই কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।আটক কিশোররা হলো, জামালপুর সদরের ইকবালপুর এলাকার মেহেদী হাসান রফিকের ছেলে ওমর ফারুক (১৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বাদল মিয়ার ছেলে রাব্বি (১৫)।আল আমিনের বাবা সফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, আল আমিন কুনিয়া এলাকার আল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। রোববার বিকেল পাঁচটার দিকে আল আমিনকে তার মার অসুস্থতার কথা বলে পূর্ব পরিচিত রাব্বি তাকে মাদ্রাসা থেকে ডেকে আনে। এরপর থেকে আল আমিন নিখোঁজ ছিল। পরে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত আটটার দিকে বোর্ডবাজার বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় তাকে পাওয়া যায়। পরে আলামিনের কথা মতো ওমর ফারুক ও রাব্বিকে এলাকাবাসি ধরে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর মো. ফজলুল হকের অফিসে নিয়ে যান।কাউন্সিলর আলহাজ ফজলুল হক জাগো নিউজকে জানান, আল আমিনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বড়বাড়ি বাসস্ট্যান্ড থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং তার কথামতো দুই কিশোরকে ধরে আমার অফিসে নিয়ে আসে। পরে দুই কিশোরকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।                মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস