পুলিশ প্রশাসনকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠজন ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
শুক্রবার ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাদী হয়ে ওই জিডি দায়ের করেন।
এর আগে ফতুল্লার পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ নিজাম প্রশাসন নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন।
তিনি তার বক্তব্যে ‘শামীম ওসমানের মতো নেতা থাকলে নারায়ণগঞ্জে প্রশাসনের দরকার হয় না’ বলে মন্তব্য করেন। শাহ নিজাম ওই অনুষ্ঠানে বলেন, ‘শামীম ওসমানের মতো নেতৃত্ব থাকলে প্রশাসনের প্রয়োজনও পড়ে না। কারণ শামীম ওসমান মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।’
এদিকে শাহ নিজামের বিরুদ্ধে জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের। তিনি জানান, শাহ নিজাম প্রশাসনকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। যার কারণে সিনিয়ার অফিসারের নির্দেশ মোতাবেক ফতুল্লা মডেল থানায় শাহ নিজামের বিরুদ্ধে সাধারণ ডায়রি করা হয়েছে।
এ প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশাসনের বাইরে নই। যেহেতু আমরা নিজেরাই সরকারি দলের লোক। তাই প্রশাসনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার প্রশ্নই আসে না।
শাহ নিজাম বলেন, আমি বক্তব্যে বলেছি, আমাদের নেতা শামীম ওসমান। আর তিনি যেহেতু নারায়ণগঞ্জে নেতৃত্ব দিচ্ছেন তাই আমরা যদি স্ব স্ব অবস্থানে ঠিক থাকি তাহলে প্রশাসনেরও দরকার হয় না। কিন্তু আমার পুরো বক্তব্য প্রকাশ না করে খণ্ডিত অংশ প্রকাশ করায় এমন হয়েছে। আমি নিজেও কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক। তাই প্রশাসনকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রশ্নই আসে না। শাহাদাত হোসেন/এফএ/এমএস