বিনোদন

মায়ের গানে রাজীবের কান্না

‘মাগো মা ওগো মা, তুমি না হলে আমার জন্ম হতো না’ এমনই কথার একটি মায়ের গান গেয়েছেন ক্লোজআপ তারকা রাজীব। ‘ও গো মা’ শিরোণামের গানটি লিখেছেন টিপু আলম মিলন। সুর ও সংগীতায়োজন করেছেন রূপতনু। প্রকাশিত হলো গানটির ভিডিও।

মায়ের গানটির ভিডিও নির্মাণ করেছেন বেনু শর্মা ও লিটু সোলায়মান। এখানে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান ও ইরেশ যাকের। বৈশাখী টিভির ফিলার সং হিসাবে প্রচারিত হচ্ছে গানটি। এ গানটিকে ঘিরে সীমান্ত সজলের পরিচালনায় নির্মিত হয়েছে ‘ওগো মা’ নামে একটি নাটকও। আসন্ন বিশ্ব মা দিবসে প্রচার হবে এটি। নাটকের গল্পও লিখেছেন টিপু আলম মিলন।

বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘ও গো মা’ গানটির মিউজিক ভিডিও। মুক্তির পর থেকেই এ গানের প্রশংসা করছেন অনেকেই। গানের ভিডিওতে দেখা যাচ্ছে গান গায়তে গায়তে কাঁদছেন রাজীব।

গানটি নিয়ে টিপু আলম মিলন বলেন, ‘একজন মা তার সন্তানকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেন। অনেক কষ্ট সহ্য করে সন্তানের জন্ম দেন মা। শিশুকাল থেকে কত না কষ্ট সহ্য করে সেই সন্তানকে তিনি লালন-পালন করে বড় করেন। সন্তানের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরই কোনো কোনো সন্তান যেন বদলে যায়।

প্রায় সময়ই স্ত্রীর কথায় অবহেলা আর অসম্মান করে মাকে কষ্ট দেয়। কোনো কোনো মায়ের আবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। মায়ের প্রতি সন্তানের এ অশ্রদ্ধা, অসম্মান আর নির্যাতনের কারণেই আমি এ গানটি লিখেছি। রূপতনু যেমন সুর করেছে রাজীবও তার গায়কীতে এ আবেগটা আরো ফুটিয়ে তুলেছে। আমার মাসহ পৃথিবীর সকল মায়ের জন্যই আমার এ গান।’

এমএবি/এলএ/এমকেএইচ