নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এক জায়গায় নিতে চাচ্ছেন। তিনি আইনের শাসন দিতে চাচ্ছেন, উন্নতির শীর্ষস্থানে নিতে চাচ্ছেন। অথচ সব অপশক্তি একসঙ্গে খেলা শুরু করেছে। এ অপশক্তির সঙ্গে দুর্নীতিবাজদের টাকাও যোগ হয়েছে। দেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে। ২০-২২ বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তিনি মারা যাননি। তাকে দেশের উন্নয়নের জন্য আল্লাহ তায়ালা বাঁচিয়ে রেখেছেন।
সোমবার দুুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মজিবুর রহমান ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান।
উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু ও গভর্নিং বডির সদস্য ইয়ার হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুর ইসলাম।
শামীম ওসমান বলেন, বুয়েটে একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মামলা হওয়ার আগেই ছাত্রলীগের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুয়েটে যারা ভর্তি হয়, তারা সেরাদের সেরা। অথচ এ মামলায় আরও ২০ জন সেরাদের সেরা ছাত্র জড়িত হয়ে গেছে। যদি প্রমাণিত হয় তারা অপরাধী, তবে তাদের কারও ফাঁসি হবে অথবা কারও যাবজ্জীবন সাজা হবে। মানুষের উপকারের জন্য, নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য প্রয়োজনে কারও পায়ে ধরতেও দ্বিধা করবেন না উল্লেখ করে প্রবীণ এ রাজনীতিবিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো মানুষ হও। ভালো মানুষ হতে হলে ভালো ফলাফল করতে হবে। তুমি যদি জীবনে কিছু করতে চাও সবার আগে তোমার মা-বাবার প্রতি দায়িত্ব পালন করো। দ্বিতীয়ত হচ্ছে সমাজের জন্য দায়িত্ব পালন করো। তৃতীয়ত হচ্ছে দেশের জন্য কিছু একটি করো।
তিনি বলেন, প্রতিটি ছাত্রছাত্রীর মা-বাবার উচিত ধর্মের অনুভূতি তাদের বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে দেয়া। ধর্ম মানুষকে সুন্দর করে। ধর্ম মানুষকে সমৃদ্ধি করে। প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়।
হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস