কুমিল্লায় পল্লী বিদ্যুতের কনস্ট্রাকশন ফার্মের ক্রেন উল্টে চাপা পড়ে হেদায়েত উল্লাহ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি জেলার লালমাই উপজেলার দক্ষিণ চনগাঁও গ্রামের আবদুল লতিফের ছেলে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।
মঙ্গলবার সকালে জেলার সদর দক্ষিণের মোহনপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ জানান, কনস্ট্রাকশন ফার্মের ক্রেন খুঁটি বসানোর জন্য শ্রমিক নিয়ে কুমিল্লা-নোয়াখালী রেললাইনের কাছে যাচ্ছিল। মোহনপুর এসে ক্রেন উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়েন ছয় শ্রমিক। এদের মধ্যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু হেদায়েত উল্লাহ নামের এক শ্রমিক ঘটনাস্থলে অনেক সময় চাপা পড়ে থাকায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, কুমিল্লা-নোয়াখালী রেললাইনের নিকট খুঁটি বসানোর জন্য ক্রেনটি যাচ্ছিল। প্রাথমিকভাবে জেনেছি চালকের অসতর্কতায় ওই দুর্ঘটনা ঘটেছে।
কামাল উদ্দিন/এফএ/জেআইএম