কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটুকে দলের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। তিনি বর্তমানে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন বক্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলমের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, শাহাদাত হোসেন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, আহাম্মদ খালেদ, অধ্যাপক হেদায়েত উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূঁইয়া প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন বক্সী বলেন, সভায় আলাউদ্দিন আল আজাদ মমতাজ একক প্রার্থী হিসেবে মুনতাকিম আশরাফ টিটুর নাম প্রস্তাব করলে উপস্থিত উপজেলার ১৩ ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা ওই প্রস্তাবে সম্মতি দেন।
গত ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক মো. আলী আশরাফ। ২ সেপ্টেম্বর তার আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর আর ভোটগ্রহণ আগামী ৭ অক্টোবর।
জাহিদ পাটোয়ারী/এসআর