বিনোদন

ইরান যুদ্ধে দুবাইয়ে ছেলেকে নিয়ে আটকা পড়েছেন শুভশ্রী

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এরই মধ্যে দুবাইয়ে আটকা পড়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছে তার ছেলে ইউভান। যুদ্ধ পরিস্থিতির খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে পড়েছেন অভিনেত্রীর পরিবার ও অনুরাগীরা।

জানা গেছে, দুবাইয়ের যে হোটেলে শুভশ্রী উঠেছেন, তার আশপাশেই বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মেয়ের সঙ্গে তার কথা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির খবর পেয়ে প্রথমে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগের চেষ্টা করেন, পরে সরাসরি ফোনে কথা হয়।

দেবপ্রসাদ বলেন, শুভশ্রী তাকে জানিয়েছেন তিনি ও ইউভান আপাতত নিরাপদেই আছেন। তবে আশপাশে বোমাবর্ষণের শব্দ শোনা গেছে। নিরাপত্তার কারণে সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার চেষ্টাও করছেন তারা।

ইউভানের পরীক্ষা শেষ হওয়ার পরই দুবাই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন শুভশ্রী। কাজের ব্যস্ততায় সঙ্গে যেতে পারেননি তার স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী। শনিবারই দুবাই পৌঁছান মা-ছেলে। আগামী ৫ মার্চ দেশে ফেরার টিকিট থাকলেও বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অভিনেত্রীর বাবা জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারিভাবে পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তবে প্রয়োজনে প্রশাসনিক সহায়তা পাওয়া যাবে বলেই আশা তাদের।

আরও পড়ুন:ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন আলিয়া ইরানে হামলার প্রতিবাদে ট্রাম্পের কড়া সমালোচনায় হলিউড তারকারা 

উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতেই দুবাইয়ে আটকা পড়েছেন শুভশ্রী। যদিও তার সঙ্গে কয়েকজন বন্ধু রয়েছেন, ফলে একেবারে একা নন তিনি।

দূর দেশে মেয়ে ও নাতি আটকে থাকায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় সময় কাটছে পরিবারের। তবে শুভশ্রী বারবার আশ্বস্ত করেছেন-তিনি ও ইউভান ভালো আছেন এবং অযথা চিন্তা না করতে বলেছেন বাবা-মাকে।

এমএমএফ